আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:হারুন অর রশীদ ও ইউপি সচিব মো: সাদেক আলী তথ্য প্রদান না করায় সর্তক করেছে তথ্য কমিশন।
এছাড়া ইউপি সচিবকে সতর্ক করার বিষয়টি মানিকগঞ্জের জেলা প্রশাসককে সার্ভিস বুকে লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলাবার ( ৯ জুলাই) দুপুরের দিকে তথ্য কমিশনের তথ্য কমিশনার মাসুদা ভাট্টি এক সিদ্ধান্তপত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০২৩ সালের ১৯ নভেম্বর মানিকগঞ্জের সাংবাদিক জাহিদুল হক চন্দন তথ্য অধিকার আইনে ওই ইউনিয়নের বিভিন্ন উন্নয়মূলক কাজের তথ্য চেয়ে পয়লা ইউনিয়ন পরিষদে আবেদন করেন।
নির্ধারিত সময়ে তথ্য না পেয়ে তিনি আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করেন। সেখানে আপিল করেও কোন প্রতিকার না পাওয়ায় ওই সাংবাদিক তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন। তথ্য কমিশন অভিযোগটি পর্যালোচনা শেষে শুনানীর জন্য গ্রহন করে।
প্রথমদিনের শুনানীতে পয়লা ইউপি সচিব মো: সাদেক আলী ও অভিযোগকারী অংশগহন করেন। পরে অধিকতর শুনানীর জন্য তথ্য কমিশন পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:হারুন অর রশীদকে হাজির হতে সমন জারি করেন। দ্বিতীয় শুনানীতে পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিব ও অভিযোগকারী অংশগ্রহন করেন। দুই ধাপে শুনানী শেষে কমিশন চাহিত তথ্য প্রদান করতে নির্দেশ দেন। সেই সাথে তথ্য সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবকে সতর্ক করে তথ্য কমিশন। এছাড়া ইউপি সচিবকে সতর্ক করার বিষয়টি মানিকগঞ্জের জেলা প্রশাসককে সার্ভিস বুকে লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।