বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশিদের ভারত যেতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ভিসা থাকলেও নিষেধাজ্ঞা থাকারা যেতে পারছে না। আবার অনেককে খুব বেশি যাচাই বাছাইয়ের পর যেতে দেওয়া হচ্ছে।
মঙ্গলবার দুপুরে আখাউড়া দিয়ে পরিবার নিয়ে ভারতে যেতে চান জাতীয় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শ্যামল দত্ত। তবে বিকেল নাগাদ তিনি যেতে না পেরে ফিরে চলে যান। দেশত্যাগে শ্যামল দত্তের নিষেধাজ্ঞা রয়েছে বলে ইমিগ্রেশন থেকে জানিয়ে দেওয়া হয়।
এদিকে ইমিগ্রেশন থেকে পাওয়া এক তথ্যে জানা গেছে, মঙ্গলবার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসেন ১৪৯ জন ও ভারতে যান ১৭৫ জন। ভারত যাওয়াদের মধ্যে বেশিরভাগই ওই দেশের নাগরিক। বাংলাদেশি যারা যেতে চেয়েছেন তাদেরকে অনেক যাচাই বাছাই করে যেতে দেওয়া হয়। হিসেব অনুযায়ি, ৪ আগস্ট ১৯১ জন ও ৫ আগস্ট ১০৪ জন ভারত থেকে আসে। এছাড়া ৪ আগস্ট ১৯১ জন ও ৫ আগস্ট ২০৫ জন ভারতে যায়।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম জানান, দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় ওনি ইমিগ্রেশন থেকে ফেরত গেছেন। ওনার মতো যাদের নিষেধাজ্ঞা রয়েছে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। তবে যাচাই বাছাই করে অনেককে যেতে দেওয়া হয়।