অনলাইন ডেক্স,
মাত্র একদিনের জন্য হলেও ঢাকার ফুটবল আকাশে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ছায়া পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ঢাকায় ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের মাঠ পরিদর্শনের পর এবার সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে। ফিফা আসিয়ান কাপ শেষ হওয়ার পর আগামী অক্টোবরেই বাংলাদেশের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল।
গতকাল রোববার (২৩ আগস্ট) বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে যায় ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। সেখানে মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়াবক্সসহ স্টেডিয়ামের প্রায় পুরো অংশ ঘুরে দেখেন তারা। পরে তারা বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করেন। রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রাজিলের প্রতিনিধিরা।
এ সফরের মধ্যেই বাংলাদেশে ম্যাচ খেলার সম্ভাবনা আরও সামনে এসেছে। বাফুফের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ফিফা আসিয়ান কাপ শেষ হওয়ার পর ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ দেখিয়েছে ব্রাজিল ফুটবল দল।
আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডো শেষ হবে ৬ অক্টোবর। এর মধ্যেই বাংলাদেশের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ব্রাজিল আগামী ৫ অথবা ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে খেলতে প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
যদিও জাতীয় দলের ব্যস্ততা বিবেচনায় ব্রাজিলের প্রস্তাবে তাৎক্ষণিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপের ফাইনাল হবে ৩ অক্টোবর। ২৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে।