অনলাইন ডেক্স,
২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন ও অবস্থানভেদে সেশন চার্জ ও ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত হারে শিক্ষার্থীদের কাছ থেকে সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত নেওয়া যাবে। এর মধ্যে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা ফি প্রযোজ্য হবে ঢাকা মহানগর এলাকার নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত কলেজে। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত কি না, কোন এলাকায় অবস্থিত এবং বাংলা নাকি ইংরেজি ভার্সন—এসব বিষয় বিবেচনায় নিয়ে ভর্তির ফি নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রকাশিত নীতিমালা থেকে এ তথ্য জানা যায়।
নীতিমালা অনুযায়ী, এ বছর শিক্ষা বোর্ডের আবেদন ফি ৫ টাকা বাড়ানো হয়েছে। ফলে আবেদন করতে শিক্ষার্থীদের ৩৪০ টাকা দিতে হবে, যা গত বছর ছিল ৩৩৫ টাকা।
এমপিওভুক্ত কলেজে ভর্তির ক্ষেত্রে এলাকাভেদে ফি নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনের শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি ৫ হাজার টাকা। ঢাকার বাইরে অন্যান্য মহানগর এলাকায় এ ফি ৩ হাজার টাকা। জেলা পর্যায়ে ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্সল এলাকায় ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, নন-এমপিওভুক্ত কলেজে ঢাকা মহানগর এলাকায় বাংলা ভার্সনের শিক্ষার্থীদের কাছ থেকে ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে। ঢাকার বাইরে অন্যান্য মহানগর এলাকায় বাংলা ভার্সনে ৫ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।
নন-এমপিও কলেজে ভর্তিতে ফি জেলায় বাংলা ভার্সনে তিন হাজার টাকা, ইংরেজি ভার্সনে চার হাজার টাকা। উপজেলা ও মফস্সলে বাংলা ভার্সনে আড়াই হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে তিন হাজার টাকা ভর্তি ফি নেওয়া হবে।
শিক্ষা বোর্ড শিক্ষার্থীর কাছ থেকে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করার সময় রেজিস্ট্রেশন ফি বাবদ ১৪২ টাকা, ক্রীড়া ফি বাবদ ৫০ টাকা, রোভার/রেঞ্জার ফি বাবদ ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা, বিএনসিসি ফি ১০ টাকা, শিক্ষককল্যাণ ফি, অবসরসুবিধা ভাতা ফি ১০০ টাকাসহ মোট ৩৪০ টাকা নেবে। আগের বছর বিএনসিসি ফি ছিল ৫ টাকা।