হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ

Mofossal Barta
প্রকাশিত August 27, 2026, 13:32 PM
হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায়  বৃক্ষরোপণ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে Support for Humanitarian Aid Youth Society (SHAY Society)।

‎মঙ্গলবার (২৫ আগস্ট) হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার জমিরিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। SHAY Society-এর প্রতিনিধি রিয়াজ উদ্দিন ও আলম মোহাম্মদ রাসেলের উপস্থিতিতে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

‎আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও জলবায়ু বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য। একই সঙ্গে তরুণ প্রজন্মকে স্থানীয় পর্যায়ের জলবায়ুবিষয়ক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

‎SHAY Society-এর প্রতিনিধিরা বলেন, তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, চরম আবহাওয়া এবং জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাবসহ জলবায়ু পরিবর্তনের নানা প্রভাব স্থানীয় পর্যায়েও অনুভূত হচ্ছে। এ পরিস্থিতিতে পরিবেশ রক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠান ও তরুণদের অংশগ্রহণ আরও বাড়ানো প্রয়োজন।

‎কর্মসূচিতে শিক্ষার্থীদের Climate Action, Environmental Protection ও Climate Resilience বিষয়ে ধারণা দেওয়ার পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।

‎SHAY Society-এর প্রতিনিধি রিয়াজ উদ্দিন বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হলে ভবিষ্যতে তারা জলবায়ু সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”

‎প্রতিনিধি আলম মোহাম্মদ রাসেল বলেন, “একটি গাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় পর্যায়ে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।”

‎কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন। শিক্ষকরা শিক্ষার্থীদের পরিবেশ ও জলবায়ুবিষয়ক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

‎SHAY Society জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা, যুব নেতৃত্ব ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও স্থানীয় পর্যায়ে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখা হবে।