অনলাইন ডেক্স,
বিধিমালার ব্যত্যয় করে ভবন নির্মাণ করলে প্রয়োজনে পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। একই সঙ্গে ভবন নির্মাণের বিধিমালা মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে পরিদর্শন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আগস্ট মাসের দপ্তর-সংস্থার সঙ্গে সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৯ আগস্ট সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
সভায় বিধিমালার ব্যত্যয় করে ভবন নির্মাণ সংক্রান্ত বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, সব দপ্তর ও সংস্থাকে ভবন পরিদর্শনের সংখ্যা বাড়াতে হবে। আগের মাসে কতটি ভবন পরিদর্শন করা হয়েছে, তার সঙ্গে প্রতিবেদনাধীন মাসের তুলনামূলক চিত্র দিয়ে নির্ধারিত ছক অনুযায়ী প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করতে হবে।