অনলাইন ডেক্স,
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়া ঋণখেলাপি, ঋণের জামিনদার এবং ইউটিলিটি বিল বকেয়া থাকা ব্যক্তিরাও প্রার্থী হওয়ার অযোগ্য বলে জানান তিনি।
মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন কমিশনের ১২তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব।
আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের পাঁচটি প্রতিষ্ঠানের—ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ—আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী নিয়ে আলোচনা হয়েছে।
তিনি জানান, স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ না রাখার প্রস্তাব কমিশন চূড়ান্ত করেছে। শিগগিরই তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত বিষয়ে ইসি সচিব বলেন, বর্তমানে ১৬ বছর বা তার বেশি বয়সীদের তথ্য সংগ্রহ করা হয়। কেউ ১৮ বছর পূর্ণ করলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। এর আগে পর্যন্ত তাদের তথ্য ডরম্যান্ট অবস্থায় থাকে।