অনলাইন ডেক্স,
ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু বলেছেন, ‘কোনো শিক্ষার্থী যেন মাদকাসক্ত হয়ে না পড়ে, সেদিকে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, ‘মাদক নতুন প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। শুধু সরকার বা একজন ব্যক্তির পক্ষে এ সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়; এজন্য গোটা জাতির সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আর এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন শিক্ষকরা।
শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অডিটোরিয়ামে ২০২৬ শিক্ষাবর্ষের ছাত্রকল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ভূমিমন্ত্রী বলেন, ‘জীবনের শেষ দিন পর্যন্ত শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে কাজ করতে হবে। অনেক মেধাবী শিক্ষার্থীও মাদকের ফাঁদে পড়ে। কোনো শিক্ষার্থী আসক্ত হয়েছে জানতে পারলে তাকে ঘৃণা না করে নিজের সন্তানের মতো ভালোবাসা ও সহানুভূতির সাথে কাউন্সেলিং করতে হবে। প্রয়োজনে অভিভাবকদের সাথে বসে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। শুধু আইনের হাতে তুলে দিলে অনেক সময় তারা আরো বিপথে চলে যেতে পারে।