অনলাইন ডেক্স,
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষকদের উদ্দেশে বলেছেন, নিজেদের সন্তানকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানোর মাধ্যমে প্রতিষ্ঠানের প্রতি আস্থা তৈরি করতে হবে। শিক্ষক নিজেই যদি নিজের সন্তানকে নিজের প্রতিষ্ঠানে ভর্তি না করান, তাহলে অন্য অভিভাবকেরা কেন সেই প্রতিষ্ঠানে সন্তানকে ভর্তি করবেন—এ প্রশ্নেরও জবাব দিতে হবে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, তিনি যখন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন, তখন শিক্ষকদের কাছে জানতে চাইবেন—‘আপনার সন্তান কেন আপনার প্রতিষ্ঠানে পড়ে না?’ নিজের প্রতিষ্ঠানের প্রতি আগে শিক্ষকদেরই আস্থা তৈরি করতে হবে।
তিনি বলেন, আনন্দময়, কারিগরি ও জীবনমুখী শিক্ষা বাস্তবায়নে সরকার কাজ করছে। এ ধারাবাহিকতায় ২০২৭ সালের জানুয়ারিতে সারা দেশের শিক্ষার্থীদের হাতে ৩১ কোটি গুণগত ও মানসম্মত নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে।
নতুন পাঠ্যবই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাস তথ্যভিত্তিক ও যথাযথভাবে উপস্থাপন করা হবে। ইতিহাস বিকৃতি, রাজনৈতিক প্রচারণা বা পক্ষপাতমূলক উপস্থাপনার কোনো সুযোগ থাকবে না। ইতিহাসকে ইতিহাসের মতোই তুলে ধরা হবে।