অনলাইন ডেক্স,
নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সংগঠন থেকে বহিষ্কারের পর এবার গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ বুধবার সংগঠনটির সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নাজিবুর রহমান বলেন, নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল করার জন্য নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর ধারা ১২(১) অনুযায়ী এবং সংবিধানের ৬৬ ধারা অনুযায়ী তার সংসদ সদস্য পদ বাতিল করার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর ১২(১) ধারায় সংসদ সদস্য থাকার অযোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। ওই ধারায় বলা আছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক মনোনীত না হলে বা স্বতন্ত্র প্রার্থী হওয়ার শর্ত পূরণ করতে না পারলে তার সংসদ সদস্য পদ থাকবে না।
নাজিবুর রহমান বলেন, দল থেকে বহিস্কার করার পরে তিনি আর দলীয় মনোনীত প্রার্থী নন। আবার স্বতন্ত্র প্রার্থীর যোগ্যতাও তার নেই। ফলে তিনি সংসদ সদস্য থাকার যোগ্যতা হারিয়েছেন।