অনলাইন ডেক্স,
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে টানা তিন জয়ের পর অবশেষে হারের মুখ দেখল বাংলাদেশ এইচপি দল। ৫৪ বলে ৬৬ করেও দলকে বাঁচাতে পারেননি আরিফুল ইসলাম। অন্যদিকে প্রথম তিন ম্যাচ জয়ে দারুণ অবদান রাখা রুবেল হোসেন আজও ৩টি উইকেট নিয়েছেন। তবে ব্যাটারদের ব্যর্থতার দিনে বৃথা গেল সব।
ডারউইন ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার অ্যাডিলেডে স্ট্রাইকারর্স একাডেমির বিপক্ষে ২১ রানে হেরেছে বাংলাদেশ।
শুরুতে ব্যাটিংয়ে নামা অ্যাডিলেড স্ট্রাইকার্স ৯ উইকেটে ১৬৪ রান করে। জবাবে ২০ ওভার ব্যাটিং করে বাংলাদেশ থামে ৯ উইকেটে ১৪৩ রান করে। লাচলান ব্যাঙ্গস ৩ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে অ্যাডিলেডের জয়ের নায়ক।
এই হারেও অবশ্য পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ এইচপি দল। চার ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট সংগ্রহ ইরফান শুক্কুরের দলের।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশের শুরুটা মন্দ ছিল না। পাওয়ার প্লেতে দুই উইকেট তুলে নেয় তারা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপেও রাখে তারা।
১৭ ওভার শেষে ৬ উইকেটে ১৩৩ রান করে অ্যাডিলেড। তবে পরের ওভারে রিপন মন্ডলকে পিটিয়ে ১৯ রান তুলে নেয় তারা। মাত্র ৩ ওভারে ৪৬ রান দিয়ে কোনো উইকেট পাননি রিপন। ৪ ওভারে ২১ রান খরচ করে ৪ উইকেট নেওয়া আব্দুল গাফফার সাকলাইন ছিলেন সবচেয়ে সফল।