অনলাইন ডেক্স,
দেশের প্রতিটি নাগরিকের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং আর্থিক সংকটের কারণে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। বুধবার (২৬ আগস্ট) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়ন পরিষদ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। ডা. জাহিদ হোসেন বলেন, “দেশের কোনো নাগরিক অর্থের অভাবে চিকিৎসা নিতে পারবে না—সরকার কখনই এটা হতে দেবে না। প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি ভাবে আর্থিক সহায়তা দিয়ে নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।”
জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেয়ায় স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে এমপি বানিয়ে মন্ত্রিত্ব হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি আজ আপনাদের সব কথা শোনার জন্য আপনাদের কাছে এসেছি।” তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, দেশের তৃণমূল পর্যায়ে পাড়া-মহল্লা ও প্রত্যেকটি ওয়ার্ডে বিএনপির কর্মী সংখ্যা বাড়াতে হবে। যোগ্য লোকদের বিএনপির কর্মী হিসেবে দলে যুক্ত করতে হবে। বিএনপি একা চলার দল নয়। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে বিএনপির পতাকাতলে নিয়ে আসার নাম হচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপি।”