ডেক্স নিউজ,
গ্যাস সংকটের জেরে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত দুই বৃহৎ সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকাল ৩টা থেকে সরকারি নির্দেশনায় কারখানা দুটির গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন করা হয়। এর ফলে দেশের সার উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আবু নসর মো. সালেহ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পেট্রোবাংলা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখার বিশেষ নির্দেশনা আসার পরপরই কারখানা দুটিতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।