অনলাইন ডেক্স,
ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোনো কারণ দেখছেন না পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর আগে কয়েকবার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলেও সফল হয়নি। অনলাইনে দলটির প্রচারণায়ও জনগণ সাড়া দিচ্ছে না। তাই ডিসেম্বরকে কেন্দ্র করে দেশে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
মঙ্গলবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের ভূমিকা, বিতর্কিত ও পলাতক পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন আইজিপি।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা সম্পর্কে জানতে চাইলে আলী হোসেন ফকির বলেন, ‘নিষিদ্ধ সংগঠন এর আগে বেশ কয়েকবার দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। কিন্তু পারেনি। তাদের সেই সক্ষমতা নেই।
তারা (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) অনলাইনে যে ধরনের প্রচারণা চালাচ্ছে তাতে জনগণ কান দিচ্ছে না। সুতরাং দেশে ডিসেম্বরকেন্দ্রিক কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।’
দেশের রাজনৈতিক অস্থিরতা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতিতে আগামী দিনগুলোতে পুলিশ কীভাবে স্থিতিশীলতা বজায় রাখবে, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ আইনানুগ, নিরপেক্ষ, পেশাদার ও জনস্বার্থকেন্দ্রিক ভূমিকা পালন করবে।
তিনি জানান, এ লক্ষ্য অর্জনে অপরাধপ্রবণ এলাকা ও সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।