‎২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৬, বিপুল মাদক উদ্ধার

Mofossal Barta
প্রকাশিত October 13, 2026, 19:35 PM
‎২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৬, বিপুল মাদক উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে তাদের বিরুদ্ধে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত জব্দের পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিএমপির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। সূত্র জানায়, অভিযানে সবচেয়ে বেশি ১১৬ জনকে গ্রেফতার করেছে মিরপুর বিভাগ।
‎এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৫ জন, মতিঝিল বিভাগে ৭০ জন, লালবাগ বিভাগে ৬৫ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, গুলশান বিভাগে ৩৫ জন এবং রমনা ও উত্তরা বিভাগে ২৬ জন করে গ্রেফতার হয়েছেন। এর বাইরে গোয়েন্দা পুলিশ (ডিবি) দুজন ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট একজনকে গ্রেফতার করেছে।
‎
‎
‎ডিএমপি আরও জানায়, অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ হাজার ৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশীয় মদ ও তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, দুটি ব্যাগ ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
‎
‎গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।