ইউপি নির্বাচন: ৫ ধাপের ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যার তথ্য চাইল ইসি

Mofossal Barta
প্রকাশিত November 24, 2026, 21:10 PM
ইউপি নির্বাচন: ৫ ধাপের ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যার তথ্য চাইল ইসি
সংবাদটি শেয়ার করুন....

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে পাঁচ ধাপের জেলা ভিত্তিক ভোটকেন্দ্র, ভোটকক্ষ এবং ভোটার সংখ্যার তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে জানানো হয়, নির্বাচনি সামগ্রী বিতরণের পরিকল্পনা প্রণয়নের জন্য এই তথ্য প্রয়োজন। সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আগামী ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠাতে বলা হয়েছে।

ইসি প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে ভোট অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি এবং তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি ইউপিতে নির্বাচন হবে।

এছাড়া চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ধাপ ২৭ মে অনুষ্ঠিত হবে।