চলতি বছরের ডিসেম্বরে গোপালগঞ্জে কর্মসূচী পালন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ৫ দাবিতে ৬৪ জেলা ও ১৩ মহানগরে ধারাবাহিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি হাতে নিয়েছে এনসিপি। ২৩ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির শিডিউলও প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে নির্ধারিত এই তালিকায় গোপালগঞ্জের নাম না থাকলেও ডিসেম্বরের পরবর্তী সময়ে সেখানে কর্মসূচি আয়োজনের বিষয়টি বিবেচনায় রেখেছে দলটির রাজনৈতিক পর্ষদ।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও মিডিয়া বিভাগের প্রধান সারোয়ার তুষার বলেন, পাঁচ দাবিতে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি পালন করবে দলটি। দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
গোপালগঞ্জের কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ৬৪ জেলায় বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জও রয়েছে। তবে এখনো চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হয়নি। ৫ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির সূচি প্রস্তুত রয়েছে। এরপর যেকোনো দিন গোপালগঞ্জের কর্মসূচি চূড়ান্ত হতে পারে। তার ভাষ্য, গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে আরও আলোচনা করা হবে। পাশাপাশি প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।