অনলাইন ডেক্স,
নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়াকে (৫১) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন ও বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জানতে পারে, পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি নাঈমুজ্জামান ভূঁইয়া ওরফে মুক্তা পঞ্চগড় জেলায় অবস্থান করছেন।
এরপর পুলিশ সুপারের (এসপি) নির্দেশনায় ডিবি, পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া থানার সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। কুইক রেসপন্স টিমের (কিউআরটি) সহায়তায় দলটি জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালায়। একপর্যায়ে সদর থানার কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে নাঈমুজ্জামান ভূঁইয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় আলামিন হত্যা মামলাসহ একাধিক মামলা তদন্তাধীন রয়েছে।
পঞ্চগড়ের এসপি আবু সায়েম জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নাঈমুজ্জামান ভূঁইয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।