চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি)সহ বিভিন্ন টার্মিনালে কর্মবিরতি পালন করছেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকরা।
বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটিসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে কাজ বন্ধ করে আন্দোলন শুরু করেন পাঁচ শতাধিক শ্রমিক। এতে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনালে পণ্য ওঠানামার কার্যক্রম বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের অভিযোগ, কয়েক মাস ধরে বেতন ও বিভিন্ন পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসছেন তারা। সাইফ পাওয়ারটেক কর্তৃপক্ষকে একাধিকবার আলটিমেটাম দিলেও পাওনা পরিশোধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটি, করোনাকালীন বোনাস, সরকারি ছুটির দিনে কাজের পারিশ্রমিক এবং দুই ঈদের বোনাসসহ বিভিন্ন আর্থিক পাওনা।
সাইফ পাওয়ারটেকে কর্মরত শ্রমিক মো. ফারুক জানান, তাদের সাতটি বার্থে কাজ বন্ধ রয়েছে। এসব বার্থে পণ্যবাহী সাতটি জাহাজ অবস্থান করছে।