টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ

Mofossal Barta
প্রকাশিত November 20, 2026, 20:05 PM
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ
সংবাদটি শেয়ার করুন....

মোহাম্মদ হোসাইন:
‎
‎কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
‎
‎কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে টেকনাফ থানাধীন সাবরাং ডেইলপাড়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন সাবরাং।
‎
‎অভিযান চলাকালে সন্দেহজনক এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
‎
‎জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
‎
‎মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।