অনলাইন ডেক্স,
মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের পাঁচ নেতা দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা প্রায় অর্ধশত নেতাকর্মীও দলীয় পদ ও সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আওয়ামী লীগের সঙ্গে আর কোনো সম্পর্ক না রাখার ঘোষণা দেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন- ভান্ডারিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোস্তফা মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক মো. আক্তার হোসেন সরদার, স্বেচ্ছাসেবক লীগের প্রতিবন্ধী উন্নয়নবিষয়ক সম্পাদক ইলিয়াস ঘরামি, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. করিম হাওলাদার এবং ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. শাহজাহান সরদার। তাদের সঙ্গে প্রায় অর্ধশত নেতাকর্মী ও সমর্থকও পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারীরা বলেন, আমরা বিগত দিনে আওয়ামী লীগের বিভিন্ন পদে থেকে দলের জন্য কঠোর পরিশ্রম করেছি। ঊর্ধ্বতন নেতাদের প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। কিন্তু আজ বড় বড় নেতারা বিদেশে আরাম-আয়েশে জীবন কাটাচ্ছেন, আর আমরা চরম অবহেলার মধ্যে রয়েছি। কোনো নেতাই এখন আর আমাদের খোঁজ-খবর রাখেন না। আমরা বিপদে পড়লেও দেখার কেউ নেই।