২৫ অক্টোবর ব্যারিস্টার জাইমা রহমানের ৩১তম জন্মদিন

Mofossal Barta
প্রকাশিত October 25, 2026, 11:00 AM
২৫ অক্টোবর ব্যারিস্টার জাইমা রহমানের  ৩১তম জন্মদিন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

আজ ২৫ অক্টোবর ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন। ১৯৯৫ সালের এই দিনে ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি পরিবারের উত্তরসূরি জাইমা রহমান নিজের শিক্ষাগত যোগ্যতা ও আইনবিষয়ক অভিজ্ঞতার মাধ্যমে পেশাগত পরিচিতি গড়ে তুলেছেন। বর্তমানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
‎
‎জাইমা রহমান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চিকিৎসক ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে। তার দাদা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মাতামহ প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানও দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন।
‎
‎পারিবারিক পরিচয়ের পাশাপাশি আইন, জননীতি, শিক্ষা ও সামাজিক উন্নয়নের মতো বিষয়ে আগ্রহের মধ্য দিয়ে নিজের কর্মপরিসর বিস্তৃত করছেন জাইমা। তার জন্মদিনে শুভানুধ্যায়ীরা পেশাগত জীবনে আরও সাফল্য ও মানবিক উদ্যোগে সক্রিয় ভূমিকার প্রত্যাশা করছেন।
‎
‎লন্ডনে পড়াশোনা, ব্যারিস্টারি অর্জন: জাইমা রহমানের শৈশব ও বেড়ে ওঠা ঢাকায়। তিনি রাজধানীর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় পড়াশোনা করেন। ২০০৮ সালে বাবা তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর লন্ডনে তার শিক্ষাজীবনের পরবর্তী অধ্যায় শুরু হয়।
‎
‎যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক (এলএলবি) ডিগ্রি অর্জন করেন জাইমা। এরপর দেশটির ঐতিহ্যবাহী আইনি প্রতিষ্ঠান দ্য অনারেবল সোসাইটি অব দ্য ইনার টেম্পল থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন। এর মাধ্যমে ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টার হিসেবে পেশাগত যোগ্যতা অর্জন করেন তিনি।