নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
নেত্রকোণার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে।
নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। তার গ্রামের বাড়ি জেলার কলমাকান্দা উপজেলার পোগলা এলাকায়। তিনি দুর্গাপুরের বিরিশিরি এলাকায় বসবাস করতেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আলিফ উতরাইল বাজারের একটি দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
গুলিবিদ্ধ আলিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমদ খান বলেন, ‘ওই সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
খবর পেয়ে নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তিনি জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এর আগে গত ১০ নভেম্বর দুপুরে দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা আলিফকে কুপিয়ে জখম করে। এ সময় তার সঙ্গে থাকা এক সহকর্মী বাধা দিতে গেলে তাকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক চোরাচালান নিয়ে লেখালেখি করতেন আলিফ।