মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে যা বললেন মাহি

Mofossal Barta
প্রকাশিত November 25, 2026, 18:51 PM
মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে যা বললেন মাহি
সংবাদটি শেয়ার করুন....

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন সামিরা খান মাহি। দেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার প্রত্যাশা নিয়ে প্রতিযোগিতায় অংশ নিলেও শেষ পর্যন্ত সেরা ৩০ সেমিফাইনালিস্টের তালিকায় জায়গা করে নিতে পারেননি তিনি। প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় এবার দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন এই বাংলাদেশি প্রতিযোগী। বাংলাদেশসংবাদ

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি যারা শুরু থেকে তাঁর পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান মাহি।

পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের মানুষ তাঁকে ঘিরে অনেক আশা ও স্বপ্ন দেখেছিলেন। প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় দেশবাসীর ভালোবাসা, দোয়া, ভোট ও সমর্থন পেয়েছেন, যা তাঁর কাছে অনেক মূল্যবান। দেশের নাম বিশ্বমঞ্চে আরও উজ্জ্বল করার ইচ্ছা থাকলেও সেই প্রত্যাশা পূরণ করতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখিত।

নিজের প্রচেষ্টার বিষয়ে মাহি জানান, দেশের মানুষের প্রতিনিধিত্ব করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। প্রতিযোগিতার পুরো সময়জুড়ে যারা তাঁকে সমর্থন ও উৎসাহ দিয়েছেন, তাদের ভালোবাসা কখনো ভুলবেন না বলেও উল্লেখ করেন তিনি।

প্রত্যাশিত ফলাফল না এলেও এই অভিজ্ঞতাকে জীবনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন মাহি। তাঁর ভাষায়, সব প্রচেষ্টা সব সময় কাঙ্ক্ষিত ফল বয়ে আনে না। তবে প্রতিটি অভিজ্ঞতা ও স্মৃতির আলাদা মূল্য রয়েছে। দেশবাসীর কাছ থেকে পাওয়া ভালোবাসাকে যেকোনো অর্জনের চেয়েও বড় বলে মনে করেন তিনি।

পোস্টের শেষাংশে বাংলাদেশকে নিজের পরিচয় ও গর্বের জায়গা হিসেবে উল্লেখ করে মাহি বলেন, দেশের মানুষের ভালোবাসা সঙ্গে নিয়েই সামনে এগিয়ে যেতে চান তিনি। পাশাপাশি তাঁর ওপর আস্থা রাখা এবং পুরো যাত্রায় পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ। ওই আসরে দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে অংশ নেন অনিকা আলম। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে দিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন।