তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল

Mofossal Barta
প্রকাশিত November 16, 2026, 18:28 PM
তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল
সংবাদটি শেয়ার করুন....

পাকিস্তানের তাবলিগ জামাতের আমির ও বিশিষ্ট মুহাদ্দিস হজরত মাওলানা হাজি নযরুর রহমান (রহ.) ইন্তেকাল করেছেন। সোমবার (১৬ নভেম্বর) তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৭ বছর।
‎
‎তার ইন্তেকালে পাকিস্তানের ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দেশটির বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
‎
‎
‎মাওলানা নযরুর রহমান ২০১৮ সাল থেকে পাকিস্তানে তাবলিগ জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তৎকালীন আমির হজরত মাওলানা হাজি আবদুল ওয়াহাব (রহ.)-এর ইন্তেকালের পর তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে দ্বীনের দাওয়াত ও তাবলিগের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
‎
‎১৯২৯ সালে রাওয়ালপিন্ডির নিকটবর্তী বিলাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন এ আলেম। পাকিস্তানে তাবলিগ জামাতের প্রাথমিক সময়ের অন্যতম প্রবীণ সাথী ছিলেন তিনি। জীবনের দীর্ঘ সময় দাওয়াত ও তাবলিগের মেহনতে ব্যয় করেন। রাইউইন্ড মারকাজের সঙ্গে যুক্ত থেকে দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
‎
‎সোমবার রাতে পাকিস্তানের রাইউইন্ডে তার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
‎
‎এদিকে, মাওলানা নযরুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। শোকবার্তায় তিনি বলেন, ইসলাম প্রচার ও প্রসারে মাওলানা নযরুর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
‎
‎এ ছাড়া পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ তাহের আশরাফিও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
‎