৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

Mofossal Barta
প্রকাশিত November 19, 2026, 10:13 AM
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
সংবাদটি শেয়ার করুন....

চলতি বছরের ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সবকিছু ঠিক থাকলে ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন তিনি। বিএনপি সরকার গঠনের পর বাংলাদেশে কোনো বিদেশি সরকারপ্রধানের এটিই হবে প্রথম সফর।
‎
‎ঢাকা ও কুয়ালালামপুরের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আনোয়ার ইব্রাহিমের। তবে দুই দিনের সফর হলেও বাংলাদেশে তার অবস্থান হবে স্বল্প সময়ের জন্য। সব মিলিয়ে ঢাকায় সর্বোচ্চ ১২ থেকে ১৩ ঘণ্টা অবস্থান করতে পারেন তিনি। ঢাকা সফর শেষে তার ব্যাংকক যাওয়ার কথা রয়েছে।
‎
‎
‎সফরের দ্বিতীয় দিন ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, শ্রমবাজার, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি ও শিক্ষা খাতের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
‎
‎প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার চার মাস পর গত জুনে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান তারেক রহমান। পরে সেখান থেকে তিনি চীন সফর করেন। তারেক রহমানের মালয়েশিয়া সফরের প্রায় পাঁচ মাসের মাথায় ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম। দুই বছরের ব্যবধানে এটি হতে যাচ্ছে তার দ্বিতীয় বাংলাদেশ সফর।
‎
‎সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানান, তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময় দুই দেশের মধ্যে যেসব বিষয়ে আলোচনা হয়েছিল, আনোয়ার ইব্রাহিমের সফরে সেগুলোর অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে পর্যালোচনার সুযোগ তৈরি হবে। পাশাপাশি বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়েও আলোচনা করবেন দুই দেশের সরকারপ্রধান।
‎
‎উল্লেখ্য, গত জুনে তারেক রহমানের মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক, সন্ত্রাসবাদ দমনে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা-সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগবিষয়ক একটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় হয়।
‎
‎
‎এবার আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরেও দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) ও নোট অব এক্সচেঞ্জ সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, সফরে তথ্য ও সম্প্রচার এবং তথ্যপ্রযুক্তি খাত-সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হতে পারে।
‎
‎এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সফরের প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
‎
‎আনোয়ার ইব্রাহিমের সফরে বিশেষ গুরুত্ব পেতে পারে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়টি। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। ২০২৪ সাল থেকে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ রয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারটি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে।
‎
‎
‎সরকারি সূত্র জানিয়েছে, ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করতে চায় বাংলাদেশ। মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মোট ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদাপত্র পাওয়ার ভিত্তিতে পর্যায়ক্রমে কর্মী পাঠানো হবে। এর প্রথম ধাপে ১১২ জন কর্মী মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে।
‎
‎প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারিভাবে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি ব্যবস্থায় কর্মী পাঠানো শুরু হলে পরবর্তী সময়ে বেসরকারিভাবেও কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে।
‎
‎এর আগে গত জুনে মালয়েশিয়া সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বাংলাদেশের শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‎