মফঃস্বল বার্তা ডেস্ক: ছিনতাই খুন লুটে ভয়ার্ত মানুষ— সমকাল পত্রিকার প্রধান শিরনাম। এই প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে।
বলা হচ্ছে, ‘ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযানের মধ্যেও খুনোখুনি, চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, মব ভায়োলেন্স– এমন কোনও অপরাধ নেই, যা বাংলাদেশে এই মুহূর্তে ঘটছে না।
যেমন: মহাসড়কে বাসের ভেতরে অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ, মধ্যরাতে ব্যবসায়ীকে গুলি করে সোনাদানা ছিনতাই, দিনদুপুরে রাজধানী ঢাকাতেও চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে লুটতরাজ।
অপরাধ বিশ্লেষকরা বলেছেন, ‘ডেভিল হান্ট’ অভিযানটি রাজনৈতিক উদ্দেশ্যে বেশি পরিচালিত হচ্ছে। সংঘবদ্ধ অপরাধে যারা জড়িত, তাদের মধ্যে ধারণা জন্মেছে– তারা অভিযানের ফোকাসে নেই। এ কারণে অভিযানের পূর্ণ ফল আসেনি।
অপরাধীরা বেপরোয়া, আতঙ্কে মানুষ— দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম এটি।
পুলিশের পরিসংখ্যান অনুযায়ী এখানে বলা হয়েছে, সাম্প্রতিক কালে ডাকাতি ও দস্যুতার (ছিনতাই) ঘটনায় মামলা বেড়েছে।
গত জানুয়ারিতে দেশে ডাকাতি ও দস্যুতার ঘটনায় মামলা হয়েছে ২৪২টি, যা গত বছরের একই মাসের তুলনায় ৯৯টি বেশি (৬৯ শতাংশ)।
ডাকাতি ও দস্যুতার ঘটনায় গত ডিসেম্বরে মামলা হয়েছে ২৩০টি, যা গত বছরের একই মাসের তুলনায় ৯৫টি (৭০ শতাংশ) বেশি।
সব মিলিয়ে গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত ছয় মাসে ডাকাতি ও দস্যুতার ঘটনায় মামলা হয়েছে এক হাজার ১৪৫টি, যা ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত সময়ের তুলনায় ৩৮২টি বেশি (৫০ শতাংশ)।
যৌথবাহিনীর টহল শুরু ঢাকায়— নয়া দিগন্ত পত্রিকার প্রধান শিরোনাম এটি।
খানে বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল সোমবার সন্ধ্যা থেকে ঢাকায় যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে।
এ ব্যাপারে গতকাল আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সোমবার সন্ধ্যার পর থেকে অপারেশন আরও জোরদার করা হচ্ছে।
“আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে অপারেশন আরো জোরদার করা হবে।
অপরাধপ্রবণ এলাকাগুলোতে আরো টহল বাড়ানো হবে, চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে,” জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘সন্তোষজনক’ বলেই মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা— সংবাদ পত্রিকার প্রধান শিরোনাম।
গতকাল সোমবার সচিবালয়ে আয়োজিত ওই কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ওই মন্তব্য করেন।
গত কয়েক দিনের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, এক সাংবাদিকের এমন বক্তব্যের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মানুষকে আশ্বস্ত করতেই সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা করা হয়েছে। সন্ধ্যার পর থেকে আপনারা পরিস্থিতি টের পাবেন।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এও বলেন, পরিস্থিতি আরও উন্নতি করার সুযোগ রয়েছে।
গত রোববার রাত তিনটায় কেন তাকে সংবাদ সম্মেলন করতে হলো, সাংবাদিকের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাতে সংবাদ সম্মেলন আপনাদের এটা বোঝানোর জন্য করা হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে নয়, রাতেও কাজ করেন।”