বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

Mofossal Barta
প্রকাশিত August 18, 2026, 15:41 PM
বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে রিক্রুটিং এজেন্সির বৈধতা, বিদেশি নিয়োগকর্তার কর্মী চাহিদা এবং সংশ্লিষ্ট তথ্য ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

‎মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনঃএকত্রীকরণ: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও দৈনিক প্রথম আলো যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।

‎মন্ত্রী বলেন, অবৈধ পথে বিদেশে যাওয়া ঠেকাতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে সমাজের প্রতিটি স্তরকে সম্পৃক্ত করতে হবে। অবৈধ পথে বিদেশে লোক পাঠানোর সঙ্গে জড়িত চক্র মানুষের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা না করে নিজেদের স্বার্থে কাজ করছে। এসব চক্রের রুট চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।

‎তিনি জানান, অবৈধ পথে বিদেশে যাওয়ার ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মাদারীপুরসহ কয়েকটি জেলায় আগামী এক মাস ব্যাপক প্রচার চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি মসজিদ, মন্দির ও গির্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠানকেও এ প্রচারে যুক্ত করার প্রয়োজন রয়েছে।