অনলাইন ডেক্স,
বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ১৮ বছর অনেক আন্দোলন-সংগ্রামের পর আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। এই গণতন্ত্রকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশে আর কোনো স্বৈরাচারকে ফিরে আসতে দেওয়া যাবে না।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা সদরে স্থানীয় বিএনপির আয়োজনে ফরিদপুর (বদরপুর)-সালথা-সোনাপুর-মুকসুদপুর সড়কের সালথা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, উন্নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সরকারের পক্ষেই সম্ভব। উন্নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষেই সম্ভব। আমাদের দুর্ভাগ্য ছিল, গত ১৭ বছর বিনা ভোটে নির্বাচিত একটি সরকার এখানে ছিল। ওই সময়ে কোনো ধর্ম বা দলের মানুষই ভালো থাকতে পারেনি। এখন আমাদের উন্নয়ন করার সুযোগ এসেছে।
তিনি বলেন, আপনাদের ছেলেমেয়ে ও নাতি-নাতনিদের ভবিষ্যতের জন্য প্রত্যেক ইউনিয়নে স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে। উন্নত মানের মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে। ছোট ছোট ছেলে-মেয়েরা যাতে উন্নত শিক্ষা ও সুযোগ-সুবিধা পায়, সে ব্যবস্থা করা হবে।
এ সময় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।