অনলাইন ডেক্স,
নরসিংদীর রায়পুরায় পুলিশিং কার্যক্রম জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রায়পুরা থানা পুলিশকে দুটি পিকআপ ভ্যান উপহার দিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। রবিবার (১৬ আগস্ট) সকালে রায়পুরা থানা প্রাঙ্গণে ফিতা কেটে যানবাহন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকের হাতে গাড়ি দুটির চাবি হস্তান্তর করা হয়।
এ সময় এমপি আশরাফ উদ্দিন বলেন, রায়পুরায় কোনো ঘটনা ঘটলে পুলিশ যেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য তাদের প্রয়োজনীয় যানবাহন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। জনবলের তুলনায় এ থানায় গাড়ির সংখ্যা খুব কম ছিল। সিএনজি ভাড়া করে বিগত দিনে পুলিশকে চলতে হয়েছে। আশা করা যাচ্ছে, দুটি গাড়ি যুক্ত হওয়ায় রায়পুরা থানার পুলিশের তৎপরতা আরও বেড়ে যাবে।
চরাঞ্চলের অস্ত্রধারীদের হুঁশিয়ার করে তিনি আরও বলেন, যারা চুরি, ডাকাতি করছেন, আপনাদের সময় বেশি নেই। এলাকায় থাকতে হলে আত্মসমর্পণ করেই থাকতে হবে। কারও ওপর কোনো অত্যাচার করা যাবে না। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক নির্মূলের লক্ষ্যেই পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। আগামীতে থানায় আরও গাড়ি দেওয়া হবে।