অনলাইন ডেক্স,
বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে রিক্রুটিং এজেন্সির বৈধতা, বিদেশি নিয়োগকর্তার কর্মী চাহিদা এবং সংশ্লিষ্ট তথ্য ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনঃএকত্রীকরণ: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও দৈনিক প্রথম আলো যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।
মন্ত্রী বলেন, অবৈধ পথে বিদেশে যাওয়া ঠেকাতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে সমাজের প্রতিটি স্তরকে সম্পৃক্ত করতে হবে। অবৈধ পথে বিদেশে লোক পাঠানোর সঙ্গে জড়িত চক্র মানুষের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা না করে নিজেদের স্বার্থে কাজ করছে। এসব চক্রের রুট চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।
তিনি জানান, অবৈধ পথে বিদেশে যাওয়ার ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মাদারীপুরসহ কয়েকটি জেলায় আগামী এক মাস ব্যাপক প্রচার চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি মসজিদ, মন্দির ও গির্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠানকেও এ প্রচারে যুক্ত করার প্রয়োজন রয়েছে।