নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

Mofossal Barta
প্রকাশিত October 6, 2026, 23:06 PM
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় ওন্দো প্রদেশে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন। দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (৫ অক্টোবর) নিয়মিত একটি মিশনে যাওয়ার পথে বিমানটি ওন্দো প্রদেশের ইগবোকোডা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি দেশটির অর্থনৈতিক কেন্দ্র লাগোসের উদ্দেশে যাচ্ছিল। নাইজেরিয়ার বিমানবিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো জানান, বিমানটি বেনিন থেকে লাগোসের পথে ছিল। স্থানীয় সময় সকাল ৯টার দিকে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রেডিওর মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। পরে ইগবোকোডার একটি নৌঘাঁটির কাছাকাছি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান মেলে। নাইজেরীয় বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল এটিআর-৪২ মডেলের। বিমানটি নিয়মিত একটি মিশনে বেনিন থেকে লাগোসের দিকে যাচ্ছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই বিমানবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা শুরু করে। দুর্ঘটনাস্থলটি ছিল জলাভূমি এলাকায় এবং নৌঘাঁটির কাছাকাছি হওয়ায় সেখানে উদ্ধার অভিযান পরিচালনায় নৌযান ব্যবহার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও উদ্ধারকারী দলের সদস্যদের নৌকায় করে দুর্ঘটনাস্থলের দিকে যেতে দেখা যায়। ঘটনাস্থলের আশপাশে স্থানীয় বাসিন্দাদের ভিড়ও দেখা যায়।
‎
‎
‎স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি নিচে নামার সময় কয়েকটি গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে দুর্ঘটনাস্থল থেকে মানুষের দেহাবশেষ, পোশাক ও জুতা পাওয়ার কথা জানান স্থানীয়রা। দুর্ঘটনার খবর পেয়ে প্রেসিডেন্ট বোলা টিনুবু গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নাইজেরীয় বিমানবাহিনীকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার পর দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে।
‎
‎বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।