ভবিষ্যতে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করতে সরাসরি উপজেলা পর্যায়ে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার নতুন পদক্ষেপ নিচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে একটি জাতির উন্নতি পরিমাপ করা যায় না; দেশের বিশাল তরুণ জনশক্তির উন্নয়নের মাধ্যমেই প্রকৃত উন্নয়ন সম্ভব এবং নবীনরাই হবে আগামীর বাংলাদেশ। দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে সময়মতো নতুন বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যপুস্তক তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।