জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছালে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান এনসিপির যুক্তরাজ্য শাখার নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা। সফরকালে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটি, ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে বৈঠক করবেন তিনি। এসব আলোচনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার ও প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়গুলো গুরুত্ব পাবে। এ ছাড়া কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায় নিয়ে আলোচনা করবেন তিনি। সফরকালে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়ারও কথা রয়েছে। আগামী ২১ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।