শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আজীবন সোচ্চার থাকা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। কৃষক, শ্রমিক, মেহনতি ও অধিকারবঞ্চিত মানুষের মুক্তির সংগ্রামে জীবন উৎসর্গ করা এই নেতার প্রয়াণের পাঁচ দশক পূর্ণ হলো। দীর্ঘ রাজনৈতিক জীবনে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান আজও স্মরণ করা হয়।
১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মওলানা ভাসানী। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও টাঙ্গাইলের সন্তোষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বাংলার রাজনৈতিক ইতিহাসে মওলানা ভাসানী ছিলেন এক ব্যতিক্রমী চরিত্র। ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তানি শাসকদের বৈষম্য ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ এবং বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম; প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে তিনি সাধারণ মানুষের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। রাজনৈতিক ক্ষমতা কিংবা ব্যক্তিগত স্বার্থের চেয়ে মানুষের অধিকার ও ন্যায়বিচারকে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।
রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে সাধারণ মানুষকে প্রতিষ্ঠা করাই ছিল ভাসানীর অন্যতম বৈশিষ্ট্য। কৃষক, শ্রমিক, ভূমিহীন ও দরিদ্র জনগোষ্ঠীর অধিকার আদায়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেন তিনি। তার রাজনৈতিক দর্শনে স্বাধীনতার অর্থ ছিল শুধু একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা নয়, বরং অর্থনৈতিক মুক্তি, সামাজিক সাম্য ও শোষণমুক্ত সমাজ গঠন। ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তার বাবা শরাফত আলী খান এবং মা মোসাম্মৎ মজিরন বিবি। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি ভারতের দেওবন্দে ইসলামি শিক্ষায় অধ্যয়ন করেন তিনি। পরবর্তী সময়ে সমাজের বৈষম্য, বঞ্চনা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠেন এবং রাজনীতিতে যুক্ত হন।
১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে দলটির প্রথম সভাপতি নির্বাচিত হন মওলানা ভাসানী। পরবর্তী সময়ে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক নীতি ও শোষণের বিরুদ্ধে আন্দোলনে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন তিনি।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন এই নেতা। পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থানকালে বাংলাদেশের প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
স্বাধীনতার পর ১৯৭২ সালের ২২ জানুয়ারি দেশে ফিরে আবারও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় হন। স্বাধীন বাংলাদেশে সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করে খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক সাম্য, গণতান্ত্রিক জবাবদিহি ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসেন। ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে তার অনশন কর্মসূচি সাধারণ মানুষের প্রতি তার দায়বদ্ধতার এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে রয়েছে।