রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ময়নাতদন্তে রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে। সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণে দেখা গেছে, রামিসাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তার স্ত্রী স্বপ্না খাতুন।
এছাড়াও সোহেল রানার দায় স্বীকার করে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি আইন অনুযায়ী স্বেচ্ছায় নেওয়া হয়েছিল বলে পর্যবেক্ষণ দেন হাইকোর্ট।
এদিন সকালে হাইকোর্টে উপস্থিত হয়ে রামিসার বাবা আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড বহাল চান। এ সময় রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে বলে তাকে আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।