ভারত নতুন ফাঁদ পেতেছে ও ষড়যন্ত্রে নেমেছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এমপি।
তিনি অভিযোগ করেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপদে নেই-এমনটি দেখিয়ে দেশটি ভিন্ন কোনো অসৎ উদ্দেশ্য হাসিল করতে চাইছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য এবং গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে নিপুণ রায় চৌধুরী বলেন, ভারত দেখাতে চাইছে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপদে নেই। এর মানে কী? তাদের কোনো ভিন্ন বা অসৎ উদ্দেশ্য আছে? হয়তো এখানে হিন্দু সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে তারা তা বিএনপি, জামায়াত ও এনসিপি করেছে বলে চালিয়ে দিতে চায়।
নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ঢাকা জেলা বিএনপির এই নেত্রী বলেন, আওয়ামী সন্ত্রাসীরা যেকোনো জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে। তাই আমাদের সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায় পাহারা বসাতে হবে।
গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা উল্লেখ করে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নিপুণ রায় চৌধুরী বলেন, বাংলাদেশ নামক এই ভূখণ্ডে যদি কোনো শকুনের চোখ পড়ে কিংবা থাবা দেওয়ার চেষ্টা করা হয়, তবে সেই চোখ ও হাত ভেঙে দিতে হবে। আমরা কোনো দেশের প্রভুত্ব মেনে নেব না।
দেশের বর্তমান শাসনব্যবস্থা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার’-এই নীতিতেই দেশ পরিচালনা করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নেতৃত্বেই এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এখানে ধর্মের ভিত্তিতে নয়, বরং সাংবিধানিকভাবে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে।