অনলাইন ডেক্স,
রাশিয়ার জ্বালানি কিনতে থাকা দেশগুলোর ওপর আরও কঠোর চাপ তৈরির পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ভারত ও চীনের মতো রুশ জ্বালানির বড় ক্রেতাদের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিতে একটি দ্বিদলীয় বিল বড় ব্যবধানে পাস করেছে মার্কিন সিনেট। একই সঙ্গে বিলটিতে রাশিয়া ও ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাবও রাখা হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, রাশিয়ার জ্বালানি খাতের বড় ক্রেতাদের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে দীর্ঘদিন ধরে আলোচিত একটি দ্বিদলীয় বিলের গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। বিলটি আইনে পরিণত হলে রাশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাসের শীর্ষ পাঁচ ক্রেতা দেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তালিকায় ভারত ও চীন রয়েছে।
ট্রাম্পের সমর্থন পাওয়া বিলটি মার্কিন সিনেটে ভোটাভুটিতে ৮৬-১২ ভোটে প্রয়োজনীয় সমর্থন পায়। প্রায় সব রিপাবলিকান সদস্যের পাশাপাশি অধিকাংশ ডেমোক্র্যাটও বিলটির পক্ষে ভোট দেন, ফলে এটি কমপক্ষে ৬০টি ভোট পাওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে, তা সহজেই অতিক্রম করে।
এনডিটিভি বলছে, চলতি মাসে আকস্মিকভাবে মারা যাওয়া সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণসভা অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিলটি সিনেটে অগ্রসর হয়। একই সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্যাপিটল হিলে গিয়ে গ্রাহামের প্রতি শ্রদ্ধা জানান। গ্রাহাম রাশিয়ার আগ্রাসনের কড়া সমালোচক ছিলেন।