অনলাইন ডেক্স,
অভাবের তাড়নায় মাথার চুল কেটে বিক্রি করা বাগেরহাটের রামপালের সেই অসহায় নারী রেহানা খাতুনের পাশে দাঁড়িয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
প্রতিমন্ত্রীর নির্দেশনায় রবিবার (৯ আগস্ট) বিকেলে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না ফেরদৌসী রেহানা খাতুনের কাছে যান।
রেললাইনের পাশে সরকারি জায়গায় অস্থায়ীভাবে বসবাস করা ওই নারীর হাতে নগদ অর্থ ও এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় প্রতিমন্ত্রীর প্রতিনিধি অপু রায়হান ও আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, রামপালের সন্তোষপুর গ্রামের বাসিন্দা রেহানা খাতুন দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। সম্প্রতি সংসারের খরচ চালাতে না পেরে তিনি নিজের মাথার চুল কেটে বিক্রি করেন।
বিষয়টি গতকাল শনিবার (৮ আগস্ট) প্রতিমন্ত্রীর নজরে আসে।
ইউএনও তামান্না ফেরদৌসী বলেন, ‘অভাব-অনটনের কারণে রেহানা খাতুন মাথার চুল বিক্রি করেছেন। বিষয়টি জানার পর পরিবেশ প্রতিমন্ত্রী আমাকে দ্রুত প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশনা দেন। সেই অনুযায়ী তাঁকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।