অনলাইন ডেক্স,
গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ।
বাইপাইলে এক সমন্বয় সভা শেষে তিনি বলেন, ‘প্রকল্পের বিভিন্ন চ্যালেঞ্জ দ্রুত সমাধান এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করতে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রাখা প্রয়োজন।
রউফ বলেন, প্রায় ৩ দশমিক ৭১ কিলোমিটার দীর্ঘ সার্ভিস লেন অংশের নির্মাণকাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চলতি মাসের মধ্যেই দুটি সার্ভিস লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
তিনি নির্মাণকাজের কারণে জনদুর্ভোগ কমাতে অতিরিক্ত জনবল নিয়োগের নির্দেশ দিয়ে বলেন, ‘কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং নির্মাণস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
প্রকল্প সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশে তুরাগ নদীর স্বাভাবিক পানি প্রবাহ বজায় রেখেই ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে।
চলতি বছরের জুন পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭১ দশমিক ৫০ শতাংশে পৌঁছেছে। আর বাস্তব অগ্রগতি হয়েছে ৬৫ শতাংশ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দ্রুতগতিতে নির্মাণকাজ এগিয়ে চলছে এবং চলতি মাসের মধ্যেই এক্সপ্রেসওয়ের নির্বাচিত কয়েকটি অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
দেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের ১২ নভেম্বর। রাজধানীর যানজট কমানোর পাশাপাশি ঢাকা ও দেশের উত্তর এবং উত্তর-পশ্চিমাঞ্চলের মধ্যে দ্রুত সড়ক যোগাযোগ নিশ্চিত করাই এ প্রকল্পের লক্ষ্য।