অনলাইন ডেক্স,
বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক দিনের ঝটিকা সফরে আজ রবিবার সকালে বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী এবং কক্সবাজারের মহেশখালীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এসব কর্মসূচির মধ্যে বন্যার্তদের ঘর উপহার, গভীর সমুদ্রবন্দর নির্মাণকাজ পরিদর্শন ও তৃণমূলের সঙ্গে জনসভা। এসব কর্মসূচি ঘিরে চলছে জোর প্রস্তুতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর ঘিরে নগরীজুড়ে প্রশাসনিক তৎপরতা যেমন বেড়েছে, তেমনি স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যেও ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সফরের প্রতিটি কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা, সড়ক যোগাযোগ ব্যবস্থা, হেলিকপ্টার অবতরণ, অনুষ্ঠানস্থল প্রস্তুতিসহ নানা দিক সমন্বয় করছে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর সফরে একদিকে যেমন দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প পরিদর্শনের কর্মসূচি হাতে রয়েছে; অন্যদিকে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দলীয় সাংগঠনিক বৈঠকের মতো রাজনৈতিক ও জনসম্পৃক্ত কর্মসূচিও রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রথম সফর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের এটি প্রথম চট্টগ্রাম সফর। এর আগে এ বছরের ২৫ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন তিনি। তারও আগে ২০০৫ সালে দলীয় কর্মসূচিতে চট্টগ্রামে গিয়েছিলেন তারেক রহমান। এবারের সফরে একসঙ্গে উন্নয়ন প্রকল্প পরিদর্শন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, স্থানীয় আলেমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রয়াত নেতাদের কবর জিয়ারত এবং দলীয় সাংগঠনিক সভার কর্মসূচি থাকায় সফরটি রাজনৈতিক ও প্রশাসনিক দুই দিক থেকে গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে।