• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিতে এখন ৯৩% মেধা, ৭% কোটা

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ৮, ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ণ
সরকারি চাকরিতে এখন ৯৩% মেধা, ৭% কোটা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

বাংলাদেশে সরকারি চাকরিতে বর্তমানে ৯৩ শতাংশ নিয়োগ দেওয়া হচ্ছে মেধার ভিত্তিতে এবং ৭ শতাংশ সংরক্ষিত কোটায়। ২০২৪ সালের জুলাইয়ে আপিল বিভাগের রায় এবং একই বছরের ২৩ জুলাই জারি হওয়া সরকারি গেজেট অনুযায়ী এই কোটা ব্যবস্থা কার্যকর রয়েছে।

‎বর্তমান নিয়ম অনুযায়ী, মোট ৭ শতাংশ কোটার মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত। এছাড়া ১ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য এবং ১ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য নির্ধারিত রয়েছে। বাকি ৯৩ শতাংশ পদে নিয়োগ দেওয়া হয় মেধার ভিত্তিতে।

‎এর আগে, ২০১৮ সালে কোটা ব্যবস্থা বাতিলের আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মোট ৫৬ শতাংশ কোটা ছিল। এর মধ্যে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা, ১০ শতাংশ জেলা, ১০ শতাংশ নারী, ৫ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং ১ শতাংশ প্রতিবন্ধী কোটা অন্তর্ভুক্ত ছিল।

‎২০২৪ সালের ৫ জুন হাইকোর্টের এক রায়ে পুরোনো ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের পর শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। পরে ২১ জুলাই আপিল বিভাগ ওই রায় বাতিল করে নতুন কোটা কাঠামো নির্ধারণ করেন। আদালত ৫৬ শতাংশের পরিবর্তে ৭ শতাংশ কোটা বহাল রেখে বাকি ৯৩ শতাংশ পদ মেধার ভিত্তিতে পূরণের নির্দেশ দেন। একই সঙ্গে মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের জন্য কোটা সুবিধা বাতিল করা হয়।

‎রায়ে আরও বলা হয়, কোনো কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সেই পদ সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করতে হবে। প্রয়োজনে সরকার আদালতের নির্ধারিত কোটা সংশোধন বা সংস্কারও করতে পারবে।

‎জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারি জাতীয় সংসদে জানিয়েছেন, বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৯৩ শতাংশ মেধা এবং ৭ শতাংশ কোটায় নিয়োগ দেওয়া হচ্ছে।