অনলাইন ডেক্স,
চিত্রনায়িকা তমা মির্জাকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) পদে নিয়োগ দিয়েছে এবি ব্যাংক। ব্যাংকটির ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগে তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে ব্যাংকিং খাতে তার কোনো পূর্বঅভিজ্ঞতা না থাকায় এ নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যাংকটির কর্মকর্তা ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের কেউ কেউ।
সম্প্রতি তমা মির্জা তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বেসরকারি ব্যাংকে কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার কথা জানান। এরপর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এবি ব্যাংকের আর্থিক পরিস্থিতি ভালো নয় এবং ব্যাংকটির অনেক কর্মকর্তার পদোন্নতিও আটকে আছে। এমন পরিস্থিতিতে সরাসরি এভিপি পদে তমা মির্জার নিয়োগ নিয়ে জোর প্রশ্ন উঠেছে।
তমা মির্জা মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। তার নিজের ভাষ্য অনুযায়ী, তিনি ১৬ বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত। আইন ও অভিনয় জগতের পড়াশোনা ও অভিজ্ঞতা থাকলেও তাকে ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে।
এবি ব্যাংকের কয়েকজন নির্বাহীর সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যাংকের আর্থিক পরিস্থিতির কারণে বর্তমানে ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের বাজেটও সীমিত। এ বিভাগে নতুন করে এ ধরনের নিয়োগের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন রয়েছে বলে তারা জানান।