রাজাপুরে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

Mofossal Barta
প্রকাশিত September 8, 2026, 14:25 PM
রাজাপুরে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

ঢামেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মেহেদী হাসান
‎মো:ইয়াসিন খান রাজাপুর (ঝালকাঠি)
‎ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক আইউব আলী শরীফ ও তাঁর পরিবারের পাঁচ সদস্যের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
‎মঙ্গলবার সকালে রাজাপুর-ভান্ডারিয়া সড়কের গালুয়া ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে গালুয়া বাজারে বিক্ষোভ করেন স্থানীয়রা।
‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে সাইফুল, শহীদ, তৈয়ব আলী, সালমা, ওলিদ ও হাসিবসহ একদল লোক পরিকল্পিতভাবে কৃষক আইউব আলী শরীফ, তাঁর ছেলে মেহেদী হাসানসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় তাঁদের কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। হামলাকারীরা তাঁদের বসতঘরেও হামলা চালায় বলে অভিযোগ করেন তাঁরা।
‎হামলায় গুরুতর আহত মেহেদী হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
‎বক্তারা আরও বলেন, এ ঘটনায় মামলা করা হলেও চার দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। এতে হামলার শিকার পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে মামলার আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তাঁরা।
‎মানববন্ধনে বক্তব্য দেন সালমা বেগম, রুহুল শরীফ, তাসলিমা বেগম ও আরিফসহ স্থানীয়রা। বক্তারা বলেন, কৃষক পরিবারের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এস আই শহিদুল ইসলাম জানান,  আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
‎অভিযোগের বিষয়ে তৈয়ব আলীর শ্যালক আল আমিন জানান, তাদেরও ৪/৫ জন আহত হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।