রাজধানী মিরপুরে দেয়াল ধস, মৃত্যু বেড়ে দুই

Mofossal Barta
প্রকাশিত September 9, 2026, 12:59 PM
রাজধানী মিরপুরে দেয়াল ধস, মৃত্যু বেড়ে দুই
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

রাজধানীর মিরপুরে ‌‘মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে’র পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনার এক নারীসহ দুইজনের মৃত্যু হলো। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। সবশেষ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) হাফিজুর রহমান নামে এক ব্যক্তি ওই দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তবে পরিচয়ের বিস্তারিত তাৎক্ষণিক জানা যায়নি। মরদেহ হাসপাতালেই আছে।

‎এর আগে মিরপুর-২ নম্বর এলাকার জনতা হাউজিংয়ের বাসিন্দা নাছিমা বেগম নামে এক নারী ওই দুর্ঘটনায় মারা যান।

‎ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা মিরপুর থানার উপপরিদর্শক এসআই মনিরুল ইসলাম বলেন, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের দিকে একটি বড়ো বাউন্ডারির দেয়াল দসে পড়ে। সে সময়ে বাউন্ডারি সংলগ্ন ফুটপাত দিয়ে যে সমস্ত লোকজন যাতায়াত করছিলেন, তারাই হতা হতের ঘটনার শিকার হয়েছেন। ওই বাউন্ডারির পাশে টিসিবির মালামাল ট্রাকে দেওয়া হতো।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে খোলা বাজারে টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের দেয়াল ঘেঁষে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন শত শত সাধারণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ভিড়ের মধ্যে হঠাৎ করেই কলেজের সীমানা প্রাচীরটি ধসে পড়ে। মুহূর্তেই দেয়ালের নিচে চাপা পড়েন লাইনে থাকা বেশ কয়েকজন নারী ও পুরুষ।

‎ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এর মধ্যে গুরুতর আহত নাছিমা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।