অনলাইন ডেক্স,
রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করার অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, সিটি করপোরেশনের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, ফুটপাত দখল ও হামলার পেছনে ‘ফ্যাসিবাদের আমলের সুবিধাভোগী ও তাদের দোসররা’ জড়িত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীর নির্বিঘ্নে ফুটপাতে চলাচল নিশ্চিত করতে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে বুধবার মিরপুর ১০ নম্বরে অভিযান চালানোর সময় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখা একটি গোষ্ঠী ও তাদের ইন্ধনে সিটি করপোরেশনের পরিবহন, সংবাদকর্মী এবং পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, পরে স্থানীয় সাধারণ মানুষের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়। নগর সেবার স্বার্থে এবং ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী রাখতে এই উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।
ঘটনাস্থলে অরাজকতা সৃষ্টির অভিযোগ তুলে প্রশাসক বলেন, ‘আজ পরিকল্পিতভাবে ফ্যাসিবাদের দোসররা মসজিদে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে। এ ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
মিল্টন বলেন, পুলিশ ও ডিএনসিসির পক্ষ থেকে পৃথক মামলা করা হচ্ছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
মিরপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, জনগণের চাহিদা ও নৈতিক দায়িত্ববোধ থেকেই ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা হচ্ছে। গত সোমবার ১০ নম্বর গোলচত্বরের ফুটওভার ব্রিজের নিচে উচ্ছেদ অভিযান শেষে গাছ লাগানো হয়েছে। ফুটপাত সাধারণ মানুষের চলাচলের উপযোগী করতে সৌন্দর্যবর্ধন ও উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।
সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘আজকের ঘটনা প্রমাণ করেছে, মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত চায়।’ হামলায় যেসব সাংবাদিক আক্রান্ত হয়েছেন, তাঁদের পাশে থাকার কথাও জানান তিনি।