অনলাইন ডেক্স,
ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সরকারের ভালো কাজগুলো মানুষের সামনে বারবার তুলে ধরার আহ্বানও জানিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন চিফ হুইপ।
নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মায়েদের নামে ফ্যামিলি কার্ড দিয়েছেন, যার মাধ্যমে মায়েদের ক্ষমতায়ন করা হয়েছে। কার্ডের সুফল মায়েরা ভোগ করবেন উল্লেখ করে তিনি বলেন, “মায়েদের দুইটা সন্তানসহ তালাক দিবা, সেই সুযোগ আর নাই। এই তালাক বন্ধ করেছে এই ফ্যামিলি কার্ড।”
তিনি আরও বলেন, “এখন জামাইয়ের (স্বামী) ভাত খাইতে হইলে ওই মহিলার কাছে আসতে হবে। সেই কাজটা করেছেন তারেক রহমান সাহেব। ভালো না মন্দ কাজ? যদি ভালো হয় আপনারা বড় করে লেখেন। ভালো কাজগুলো বারবার মনে করায়ে দিয়েন।”
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে চিফ হুইপ বলেন, ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা চুক্তির অর্থ দিয়ে দেশে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা যেত। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করেছিল বলেও অভিযোগ করেন তিনি।
সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট বার্তা—বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতেই দেশ পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এ সময় তাঁর দাবি, গত দুই বছরে দেশে কোনো প্রতিমা বা মূর্তি ভাঙার ঘটনা ঘটেনি।
জেলা আইনশৃঙ্খলাবিষয়ক সভায় আরও উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, জেলা প্রশাসক তাসলিমা আক্তার, পুলিশ সুপার কুদরত খুদা এবং জেলা পরিষদ প্রশাসক ও বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাসহ অন্যরা।