অনলাইন ডেক্স,
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা আমাদের জন্য বড় শিক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রবাসে যে দেশেই থাকুন না কেন, বাংলাদেশিদের সেই দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারেনি বাংলাদেশ সরকার। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায়, সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো রয়েছে। সেই আইন অনুযায়ী কেউ গুরুতর অপরাধ করলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, সৌদি মিশনের শ্রম উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ওই দুই বাংলাদেশি মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ব্যভিচারে লিপ্ত ছিলেন, যা সৌদি আইনে গুরুতর অপরাধ হিসেবে গণ্য। ওই আইনের আওতায় আদালত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।
তবে বিষয়টি সম্পর্কে বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পায়নি বলে জানান শামা ওবায়েদ। এ কারণে ওই দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।