অনলাইন ডেক্স,
বসনিয়ায় ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষা মিশন ইইউফোরের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে ইতালির সামরিক বাহিনীর একটি সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়।
ইইউফোর জানায়, বসনিয়ার ব্রচকো অঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এলাকাটি দেশটির রাজধানী সারায়েভো থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
দুর্ঘটনায় আহত ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ইইউফোর।
ইতালি সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারে থাকা সবাই ছিলেন ইতালির নাগরিক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুজন সেনাসদস্য এবং দুজন রেড ক্রসের স্বেচ্ছাসেবক রয়েছেন।
ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই অপার শোকের মুহূর্তে আমার প্রথম চিন্তা নিহতদের পরিবারের সদস্যদের প্রতি। তাদের প্রতি আমি ব্যক্তিগতভাবে এবং পুরো প্রতিরক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি।’