গাজীপুরে বিজিবি, মিরপুরে জলকামান মোতায়েন, আশুলিয়ায় আগুন

Mofossal Barta
প্রকাশিত November 2, 2026, 12:34 PM
গাজীপুরে বিজিবি, মিরপুরে জলকামান মোতায়েন, আশুলিয়ায় আগুন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুর, আশুলিয়া ও রাজধানীর মিরপুরে শিল্পকারখানার শ্রমিকদের আন্দোলন ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। আন্দোলন চলাকালে মহাসড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং পুলিশ ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং শতাধিক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
‎
‎সোমবার (২ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া জানান, ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা গাজীপুরের মহাসড়ক ও শিল্পাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে অবস্থান নিয়েছেন। এছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ প্রস্তুত রয়েছে।
‎
‎টানা চতুর্থ দিনের মতো সোমবার সকাল সাড়ে আটটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় আন্দোলন শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেন এবং অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা শ্রমিকদের ধাওয়া দিলে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে পুলিশ সদস্য, শ্রমিক ও সাংবাদিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা একটি পুলিশ বক্স, কারখানার গুদাম ও গাড়িতে আগুন ধরিয়ে দেন। আন্দোলনের জেরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার অংশে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।
‎
‎কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি ও পুলিশ সেখানে মোতায়েন আছে। নিরাপত্তার স্বার্থে মৌচাক, পল্লীবিদ্যুৎ, সুফিপুর ও হরিণঘাটি এলাকার প্রায় ১০০টি কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলেও শ্রমিকরা কাজ বন্ধ করে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। সকালে সেখানে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি সামাল দিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। আন্দোলন চলাকালে বিক্ষুব্ধরা একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয় এবং আর্টিস্টিক ডিজাইন লিমিটেড নামের একটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়।
‎
‎আশুলিয়া শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শিল্পাঞ্চলের সার্বিক সুরক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে কাজ চলছে।
‎
‎রাজধানীর মিরপুরে আন্দোলন ছড়িয়ে পড়া রুখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে শ্রমিকরা জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।